বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের জন্য বিএনপি, জামায়াত ও এনসিপিকে ডেকেছেন। এরপর দুপুর ১২টার দিকে তিনি ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের পাশাপাশি ইনকিলাব মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেশ রূপান্তরকে নিশ্চিত করা হয়েছে।
হাদির ওপর হামলার পর শুক্রবার সন্ধ্যায় যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকা ওই বৈঠকে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিকে, হামলার ঘটনার পর আহত শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় ফোনে কথা বলেন তিনি। টেলিফোনে প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীর উদ্বিগ্ন ও মর্মাহত।
তিনি ওমর বিন হাদিকে বলেন, ‘আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’