শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় এসিল্যান্ডের বিরুদ্ধে চরম দুর্নীতি ও হয়রানির অভিযোগ: ১৮ মাসেও মেলেনি ন্যায়বিচার, প্রবীণসহ ৫ হিন্দু পরিবারের আহাজারি
বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ড শোয়েব শাত ঈল ইভানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, জালিয়াতি এবং সাধারণ মানুষকে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর ক্ষমতার অপব্যবহারের শিকার হয়ে গত ১২ মাস ধরে ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কয়েকটি নিরীহ পরিবার। একাধিকবার মানববন্ধন, সংবাদ সম্মেলন ও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পাওয়া সত্ত্বেও অজ্ঞাত ক্ষমতার জোড়ে বহাল তবিয়তে রয়েছেন এই কর্মকর্তা।
ঘটনার বিবরণে জানা যায়, অর্পিত ‘ক’ তফসিলভুক্ত ১.৭৪২৫৫ একর সম্পত্তি নিয়ে ক্ষমতার চরম অপব্যবহারের আশ্রয় নেন এসিল্যান্ড ইভান। অভিযোগ রয়েছে, জেএমআই গ্যাস কোম্পানির স্বার্থ রক্ষায় ১৫০ ধারার অধীন জালিয়াতিমূলক আদেশ প্রদান করেন তিনি। পরবর্তীতে অর্পিত সম্পত্তির নামজারি বহাল রেখে এসএ ও বিআরএস রেকর্ডীয় মূল মালিক কেশব লাল মন্ডল ও তাঁর ওয়ারিশদের জমি গ্রাস করার অপচেষ্টা চালানো হয়।
শুধু জমি দখলেই ক্ষান্ত না হয়ে, ঐ জমিতে অবৈধভাবে অর্পিত সম্পত্তির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে অর্পিত সম্পত্তি দখলের মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন এসিল্যান্ড। এই মিথ্যা মামলায় হিন্দু সম্প্রদায়ের ৫ জন নিরীহ সদস্য দীর্ঘ এক মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনারের নির্দেশে গত প্রায় দেড় মাস আগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আক্তার হোসেন ঘটনাটির তদন্ত শুনানি শেষ করেন। কিন্তু অদৃশ্য কারণে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় পুরো বিচার প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে।
৮৬ বছর বয়সী বৃদ্ধ কেশব লাল মন্ডল আক্ষেপ করে বলেন, “আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে আজ আমরা নিঃস্ব। বৃদ্ধ বয়সে আদালতের বারান্দায় আর সরকারি অফিসে ঘুরে বিচার পাচ্ছি না। উল্টো আমাদের পরিবারের মানুষদের মিথ্যা মামলায় জেলে থাকতে হচ্ছে।”
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো অনতিবিলম্বে বটিয়াঘাটা এসিল্যান্ড ইভানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত নিরীহ ব্যক্তিদের দ্রুত মুক্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন।

বটিয়াঘাটায় এসিল্যান্ডের বিরুদ্ধে চরম দুর্নীতি ও হয়রানির অভিযোগ।